ইবির বাসের ধাক্কায় শিক্ষার্থীর বাবা নিহত

0

ইবি সংবাদদাতা, লোকসমাজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত বাসের ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া থেকে ফেরার পথে লক্ষ্মীপুর বাজারসংলগ্ন এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারের (৪৫) ছেলে লিখন ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ভাড়ায় চালিত ‘শানে খোদা’ বাসটি কুষ্টিয়া থেকে ফেরার পথে দ্রুতগতিতে চলছিল। এ সময় বাসটি সড়ক বিভাজকের উল্টো পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী মনোয়ারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান বলে জানা গেছে।

নিহতের জানাজা শনিবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের দাইখালী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, তিনি কুষ্টিয়া পরিবহন মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছেন। মালিক সমিতির পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, “যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস নয়, ভাড়ায় চালিত বাস, তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ ঘটনায় আমাদের সরাসরি কিছু করার নেই।”

ঘটনাটি নিয়ে বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।