বিএনপির বহিষ্কৃত আব্দুর রাজ্জাক হরিহরনগরের চেয়ারম্যান নির্বাচিত

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে  সোমবার (১৭ জুলাই) যশোরের মনিরামপুরে হরিহরনগর ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলামকে এক হাজার ৪৯ ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপির বহিষ্কৃত নেতা আবদুর রাজ্জাক বিশ্বাস (চশমা প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী জহুরুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পান মোট চার হাজার ৯১২ টি। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ উদ্দিন আনারস প্রতীকে পান দুই হাজার ৬৭২ এবং বিএনপির অপর বহিষ্কৃত তরিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পান এক হাজার ৫৩০ ভোট। নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করে রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ দাবি করেছেন শতকরা ৭১.২৬ ভোট গ্রহণ হয়েছে।

রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায়, সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হরিহরনগর ইউপিতে মোট ভোটার ২১ হাজার ২১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটর ১০ হাজার ৬৭৫ এবং মহিলা ভোটার ১০ হাজার ৫৫১ জন। ভোট গ্রহণ হয়েছে ৭১.২৬ শতাংশ।
নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ নিয়ে ভোটারদের বেশ বেগ পেতে দেখা যায়। তার ওপর আগে থেকেই ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হয়।ভোট গ্রহনের সময় সকাল ১০টার দিকে খাটুরা কেন্দ্রে দেখা যায়, মহিলা ভোটারের দীর্ঘ লাইন। এ সময় ভোট দিতে আসা রহিমা খাতুন, মমতাজ খাতুন, রেশমা সুলতানাসহ বেশ কয়েকজন নারী জানান, তারা সকাল আটটার দিকে এসে লাইনে দাড়ান ভোট দেওয়ার জন্য। কিন্তু ধীর গতিতে ভোট নেওয়ায় তারা দুই ঘন্টা পর ভোট দিতে পেরেছেন। আবার আবদুল মোতালেব নামে একজন জানান তার আঙ্গুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেনিন। তবে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর এবার তারা মোটামুটি শান্তিপূর্নভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।
এ দিকে স্বতন্দ্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক বিশ্বাস অভিযোগ করেন, বেলা দুইটার দিকে খাটুরা স্কুল কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের সমর্থনে ছাত্রলীগের বহিরাগত বেশ কয়েকজন কর্মীরা এসে তার শ্যালকের ছেলে হাদিউজ্জামানের ওপর হামলা চালায়। এ সময় অবশ্য রাজ্জাক বিশ্বাসের(চশমা) কর্মী সমর্থকরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে কেন্দ্রের ভেতর কোন সহিংস ঘটনা ঘটেনি। এ অভিযোগ অস্বীকার করেন নৌকার প্রার্থী জহুরুল ইসলাম।