বিআরডিবি’র ৩ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ ডুমুরিয়ায়

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে ৩ পরিদর্শকের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-ঠিকমত অফিসে না আসা, ঋণের কিস্তির টাকা পকেটস্থ করা এবং অফিস প্রধানের সাথে অশোভনীয় আচরণ করা। এসব ঘটনায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
উপজেলা বিআরডিবি কার্যালয় ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনস্থ ইউসিসিএ লিমিটেডের পরিদর্শক পদে কর্মরত আছেন একই উপজেলার সাহস রাজাপুরের যশোর আলী মোড়লের ছেলে শাহাজালাল মোড়ল (৪০), সাহসের সৈয়দ হাকিম আলীর ছেলে সৈয়দ মশিউর রহমান (৪৫), জিলেরডাঙ্গা এলাকার মৃত সঞ্জীব তরফদারের ছেলে রথীন তরফদার (৪০) ও উলা গ্রামের বাহারুল ইসলাম (৩৯)। অফিসে তাদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তারা ঠিক সময়মত কার্যালয়ে আসেন না। এছাড়া সমিতি হতে আদায়কৃত ঋণের কিস্তির টাকার কোন হিসাব দিচ্ছেন না। গত ৮ মাস ধরে তারা এমন কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে ডুমুরিয়া উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, ‘উপজেলা বিআরডিবি অধীনস্থ ইউসিসিএ লিমিটেডে পরিদর্শক হিসেবে শাহজালাল মোড়ল ১৭টি, সৈয়দ মশিউর রহমান ১৬টি, রথীন তরফদার ১৬টি সমিতির ঋণের কিস্তির টাকা লেনদেন করেন। আর বাহারুল ইসলাম সংগঠক হিসেবে পল্লী প্রগতী প্রকল্পের টাকা লেনদেন করেন। কিন্তু আমি যোগদানের পর থেকে তারা ঠিকমত অফিসিয়ালি কার্যক্রম করছেন না। অফিসে কখন আসেন, কখন যান কিচ্ছু জানান না। এমনকি কিস্তির টাকার কী পরিমাণ আদায় হলো কিছুই জানান না। তাদের এই খামখেয়ালি নিয়ে আমি কঠোর হই। এর বিপরীতে গত ২৬ সেপ্টম্বর বেলা সাড়ে ১০টার দিকে আমার কক্ষে এসে অশোভন ব্যবহার করেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। যা নিয়ে আমি ওইদিন ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’ তিনি আরও বলেন, ‘পরিদর্শক শাহাজালাল মোড়ল একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। ইউসিসিএ লিমিটেডের সমিতিগুলো তিনি নিজেই নিয়ন্ত্রণে রাখতে চান। সমিতি থেকে নামে-বেনামে ঋণ নেয়া, কিস্তির টাকা অফিসে জমা না দিয়ে পকেটস্থ করা এ সবই তার ফন্দি। আর তারই দেখানো পথে হাঁটছেন অফিসের সৈয়দ মশিউর রহমান, রতীন তরফদার, বাহারুল ইসলাম, তাপস কুমার রাহাসহ অন্যরা। বর্তমানে অফিসের হিসাব মতে, ওই ৩ জনের কাছে খেলাপি আছে প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা। অফিসের এই পরিস্থিতি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার, জেলা বিআরডিবি অফিসার, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।’
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, ‘সরকারি চাকরি করতে অবশ্যই সরকারি নীতিমালা মানতে হবে। এখানে প্রভাবের কিছুই নেই। চাকরি করতে হলে উর্ধ্বতন কর্মকর্তাকে রেসপেক্ট করতে হবে। সে ক্ষেত্রে কেউ যদি অফিসিয়ালি ডিসিপ্লিন অমান্য করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’