উল্কাবেগে সংক্রমণ ; আরো হাসপাতাল প্রস্তুতের নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে উল্কাগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালের আইসিইউ পেতে হাপিত্যেশ করছেন রোগীর স্বজনরা। সরকারি হাসপাতালে আইসিইউ খালি নেই বললেই চলে। ক্রমে খালি হয়ে আসা হাসপাতালের সাধারণ বেডও এখন পূর্ণ হয়ে যাচ্ছে করোনা রোগীতে। দ্রুত সংক্রমণ বাড়ায় আরো ছয়টি সরকারি হাসপাতাল জরুরিভিত্তিতে প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত মাসের শেষদিনে শনাক্ত রোগী ছিল ৩৮৫ জন। শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ। গতকাল এই হার ১৩ দশমিক ৬৯ শতাংশে পৌঁছেছে। পহেলা মার্চ শনাক্ত ছিল ৫৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এক লাফে সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেছে। যা ৮ মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো ১৮ জনের। এর আগে সর্বশেষ গত ১৫ই জুলাই একদিনে শনাক্ত ছিল ৩ হাজার ৫৩৩ জন।
করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরো ৫টি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা চিকিৎসায় ডেডিকেটেড করা হয়েছে। বর্তমানে ঢাকা মহানগরে সরকারি ১০টিসহ মোট ১৯টি হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত রয়েছে। চট্টগ্রাম মহানগরে করোনা রোগীদের জন্য আছে ৭টি হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা নিয়ে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৬ হাজার ৩৫৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৯৫৪টি। এ পর্যন্ত ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ১৩ দশমিক ৬৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১২ দশমিক ৯৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ। মারা গেছেন ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ জন পুরুষ এবং নারী ৬ জন। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৬০৭ জন এবং নারী ২ হাজার ১৩১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে ১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৭ জন এবং ১ জন বাসায়।
৫ হাসপাতালকে প্রস্তুতির নির্দেশ, করোনা ডেডিকেটেড হলো বার্ন ইনস্টিটিউট: করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরো ৫টি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা চিকিৎসায় ডেডিকেটেড করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির সম্ভাব্য সংকটময় অবস্থা মোকাবিলায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রস্তুতিকরণ বিষয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, দেশে ক্রমাগত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রসঙ্গত, গত বছর করোনায় আক্রান্ত রোগী বাড়তে থাকায় এই হাসপাতালগুলোকে করোনা ডেডিকেটেড করা হয়। তবে পরবর্তীতে রোগীর সংখ্যা কমে আসায় এসব হাসপাতালে করোনা ইউনিটের পাশাপাশি অন্য রোগীদের জন্যও সেবা চালু করা হয়। পৃথক আরেক আদেশে বলা হয়েছে, দেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীর চিকিৎসা সেবা চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
টিকা নিয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ: এদিকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৩৭তম দিনে ভ্যাকসিন নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন। যা আগের দিনের তুলনায় টিকা নেয়ার সংখ্যা সামান্য বেড়েছে। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৯ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন এবং নারী ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে মোট ৯২০ জনের। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন। গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণটিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।