বালি ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবি, চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট এলাকার বালি ব্যবসায়ী বিল্লাল খাঁ অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত অভিযোগে চাকরিচ্যুত পুলিশের একজন এএসআই আটক হয়েছেন। বুধবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ বড়দিয়া (আলগী) গ্রাম থেকে খলিলুর রহমান (৪১) নামে ওই ব্যক্তিকে আটক করে যশোর কোতয়ালি থানার পুলিশ। তিনি একই গ্রামের মো. জব্বার মিয়ার ছেলে।
পুলিশের একটি সূত্র জানায়, ২০২১ সালের ১৫ মার্চ সকালে শহরের রেলগেট পশ্চিমপাড়ার জনৈক আব্দুল গফ্ফারের চায়ের দোকানের সামনে থেকে বিল্লাল খাঁকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। মাইক্রোবাসে তোলার পর দুবর্ৃৃত্তরা তার চোখ বেঁধে ফেলে। পরে পথে গাড়ির ভেতরই তাকে মারধর এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর দুর্বৃত্তরা বিল্লাল খাঁ’র কাছ থেকে মোবাইল ফোনসেট কেড়ে নিয়ে তার নম্বর দিয়ে শ্যালক রবিউল ইসলাম ও মেয়ে লাবনী আক্তারের কাছে বিভিন্ন সময় ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দিতে বলে। নতুবা বিল্লাল খাঁকে হত্যা করা হবে বলে তারা স্বজনদের হুমকি দেয়। এ কারণে স্বজনেরা বিল্লাল খাঁ’র প্রাণ বাঁচাতে অপহরণকারীদের মোট দেড় লাখ টাকা পাঠিয়ে দেন বিকাশের মাধ্যমে। ওই টাকা পাওয়ার পর দুর্বৃত্তরা বিল্লাল খাঁকে গোপালগঞ্জ শহরে নামিয়ে দিয়ে চলে যায়। পরে সেখান থেকে বাড়ি ফিরে আসার পর দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন বিল্লাল খাঁ। আসামিরা হলেন, রেলগেট পশ্চিমপাড়ার মোহাম্মদ সরদারের ছেলে আব্দুস সাত্তার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সারশাকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে শাওন। মামলা দায়েরের পর পুলিশ এজাহারভুক্ত একজন আসামিসহ দুই জনকে আটক করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের জবানবন্দিতে প্রকাশ পায়, ব্যবসায়ী বিল্লাল খাঁ অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় খলিলুর রহমান নামে একজন পুলিশ কর্মকর্তা জড়িত। এরপর থেকে অভিযুক্ত খলিলুর রহমানকে আটকের জন্যে হন্যে হয়ে খুঁজছিলো পুলিশ। সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ বড়দিয়া (আলগী) গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত খলিলুর রহমানকে আটক করে যশোর কোতয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে যশোরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক খলিলুর রহমান জানান, তিনি পুলিশের এএসআই পদে চাকরি করতেন। কোতয়ালি থানা পুলিশের একটি সূত্র জানায়, নানা অপরাধমূলক কর্মকান্ডের কারণে খলিলুর রহমান চাকরিচ্যুত হয়েছেন। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানা, গজারীয়া থানা, লৌহজং থানা, ফরিদপুরের ভাঙ্গা থানা ও ঢাকার শাহবাগ থানায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের মোট ৬টি মামলা রয়েছে।