বারীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বিপনিবিতানে, আহত ২০

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥  যশোর সদরের বারীনগর সাতমাইল বাজারে ঝিনাইদহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বিপনিবিতানের মধ্যে ঢুকে পড়ে চালকসহ ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ফায়ার সার্ভিস ও বাজারবাসীর সূত্রে জানা গেছে, শনিবার(১০ জুন) খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাস (যশোর ব ১১-০০৮৭) বেলা ১২ টার দিকে সাতমাইল বাজারে চলন্ত অবস্থায় সামনের চাকা ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিপনিবিতানের মধ্যে ঢুকে পড়ে।
এতে গুরুতর আহত হন বাসের চালক যশোর শহরের মুড়লীর মোড়ের মিয়া রাজ(৩০)। এছাড়া আহত হন সাতক্ষীরা সদরের নজরুল শেখ, কুষ্টিয়া কুমারখালীর সাইদুর রহমান, ঝিনাইদহের বারোবাজারের মোস্তাফিজুর রহমান, যশোরের অভয়নগরের মোশারফ হোসেনের মেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাখি খাতুন (২৫)সহ ২০জন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত চালক মিয়া রাজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক মিয়া রাজ জানান, ডানপাশের সামনের চাকা ব্লাস্ট হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।
বাসে থাকা কয়েকজন যাত্রী জানান, বাজারের ভেতরে গাড়ির গতি কম থাকায় পুরো বাসের যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে আব্দুস সামাদ নামের একজন যাত্রী অভিযোগ করে বলেন, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বারোবাজার হাইওয়ে থানা পুলিশ বাসটি উদ্ধার করে নিয়ে গেছে।