বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা চান যশোরের হোটেল শ্রমিকরা

0

স্টাফ রিপোর্টার ॥ অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ বাতিল ও বর্তমান বাজারদর পরিস্থিতির বিষয়টি বিবেচনা নিয়ে হোটেল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে যশোরে স্মারকলিপি ও মানববন্ধন করেছেন হোটেল শ্রমিকরা।
সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ হোটেল, রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যশোর শহরের বিভিন্ন খাবার হোটেল, রেস্টুরেন্ট ও বেকারি শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধনে হোটেল শ্রমিকরা বলেন, তারা দিনরাত নিরলস শ্রম দিয়ে চললেও তাদের বেতন-ভাতা বাড়েনা। অথচ বর্তমান নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এ অবস্থায় তাদের পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারা আরও বলেন, এর আগে কয়েক দফা আন্দোলনের প্রেক্ষিতে যশোর জেলা প্রশাসন শ্রম আইনের গেজেট অনুযায়ী ঈদ বোনাস, বকেয়া বেতন, শ্রমিকদের পরিচয়পত্র প্রদান এবং বন্ধ সকল হোটেল রেস্টুরেন্ট খুলে দিতে মালিক পক্ষকে নির্দেশনা দিলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। বরং প্রতিনিয়ত শ্রমিক হয়রানি হচ্ছে। মানববন্ধন থেকে অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ বাতিল ও বর্তমান বাজারদর পরিস্থিতির বিষয়টি বিবেচনা নিয়ে হোটেল শ্রমিকদের মজুরি-ভাতা বাড়াতে মালিক পক্ষের প্রতি অনুরোধ জানানো হয়। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাবেন বলে তারা জানান।
মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল, রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ সবুজ প্রমুখ। এর আগে শ্রমিকরা যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।