বাঘারপাড়া পৌরসভায় ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে গণসভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া পৌরসভায় অস্বাভাবিক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে গণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাঘারপাড়া পৌরসভা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি’র উদ্যোগে শনিবার (৮ এপ্রিল)  সকালে বাঘারপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবনে এ গণসভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন বিশ্বাস। এ সময় স্বাগত বক্তব্য রাখেন আফজাল হোসেন সঞ্জিব।
সভা সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে বিগত বছরের তুলনায় ৩গুণ থেকে ৪গুণ পর্যন্ত পৌরবাসীর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করে পৌর কর্তৃপক্ষ। এই বৃদ্ধির বিষয়টি জানাতে প্রত্যেক বাড়িতে চিঠি দিয়ে জানিয়ে দেন পৌর কর্তৃপক্ষ। তখন থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে পৌরবাসী। এরই ধারবাহিকতায় এ গণমিটিংয়ের আয়োজন করা হয়। এর মাধ্যমে একটি শক্তিশালী কমিটি করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে চায় আয়োজকরা।
বক্তারা বলেন, যে মেয়রের হোল্ডিং নাম্বারই নেই, সে কিভাবে এত ট্যাক্স বাড়ায়? যেখানে পৌরসভায় উন্নতমানের কোনো নাগরিক সুবিধা নেই, নেই ভালো রাস্তা, সড়ক বাতি সেখানে প্রতিবছর ট্যাক্স বৃদ্ধি করে চলেছে পৌরকর্তৃপক্ষ। এ বর্ধিত ট্যাক্স আমরা মানি না বলেও মন্তব্য করেন অনেকে।
এ দিন পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের একজন সমন্বয়কারী নির্ধারণ করা হয়। মূল সমন্বয়ক কমিটির আহ্বায়ক আফজাল হোসেন সঞ্জিব, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাই ও ইয়ারুল ইসলামকে নির্বাচিত করে পৌরবাসী। এ সময় সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন রায়, শেখর চন্দ্র সরকার, আকবর আলি, মুন্সি মোহম্মদ বাহারউদ্দিন, শশাংক পাল সোনা, সিরাজুল ইসলাম, আনোয়ার মেহেদি, প্রেস ক্লাব সভাপতি ইকবাল কবির, রিপন হোসেন, রবিউল ইসলাম, নিজাম উদ্দিন,অহিদুর রহমান, বরুন অধিকারী, আসদুজ্জামান, সাইদুর রহমান, আনারুল ইসলাম, প্রেস ক্লাব সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।