বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ঘুরে এসে চেম্বারে চিকিৎসক পান না রোগী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের মাওলানা সাইফুল্লার স্ত্রী আফরোজা বেগম (২৫) ডায়াবেটিস রোগে ভুগছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নিয়মিত চিকিৎসা নিয়ে থাকেন। সেই ধারাবাহিকতা সোমবার (২৪ জুলাই) তিনি হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। আউটডোরে টিকিট কেটে ডাক্তার দেখান। পরামর্শপত্রে কিছু পরীক্ষার নাম লিখে ডাক্তার আফরোজা বেগমকে পাঠান হাসপাতালের প্যাথোলজিতে। প্যাথোলজি বিভাগে রক্ত দেওয়ার পর এ বিভাগের দায়িত্বরতরা জানান, দুপুর ১ টা ৩০ মিনিটের পর রিপোর্ট দেওয়া হবে। যথাসময়ে তিনি রিপোর্ট সংগ্রহ করেন। তখন আর আউটডোরে কোনও ডাক্তার নেই। হাসপাতালের ফার্মেসিও বন্ধ হয়ে গেছে। আফরোজা বেগমকে আবার আগামীকাল (মঙ্গলবার) ডাক্তারের কাছে আসতে হবে। পরামর্শপত্র লেখাতে হবে, এরপর ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করতে হবে। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র প্রতিদিনকার।
দোহাকুলা গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী জোসনা খাতুন উচ্চ রক্তচাপে ভুগছেন। সোমবার তিনিও এসেছিলেন চিকিৎসা নিতে। প্যাথোলজি থেকে রিপোর্ট নেওয়ার পর আউটডোরে গিয়ে আর ডাক্তার পাননি। উপায় না পেয়ে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে পরামর্শপত্র লেখান। কিন্ত ফার্মেসি বন্ধ হওয়ায় আর ওষুধ নিতে পারেননি। বাইরের দোকান থেকে তাকে ওষুধ কিনে বাড়ি ফিরতে হয়। জোসনা খাতুন জানান, এখানে সেবা নিতে আসা সবাই দরিদ্র মানুষ। সরকারি ওষুধ পেলে সকলের জন্য ভালো হয়। কিন্ত ফার্মেসি বন্ধ থাকায় অনেকে বাইরের দোকান থেকে ওষুধ কিনে নেন। যা তাদের জন্য অনেক কষ্ট সাধ্য বিষয়।
ইন্দ্রার শহীদ মোল্লার মেয়ে বর্নি, খলশীর রোস্তম মোল্লার স্ত্রী আনোয়ারাসহ প্যাথোলজির সামনে ভিড় জমিয়ে আছেন অন্তত ২০ জন। তারা সকলেই রিপোর্ট সংগ্রহ করে ডাক্তাররের কাছ থেকে পরামর্শ নেবেন। কিন্ত এদের কেউই আর এদিন না পারছেন ডাক্তার দেখাতে, না পারছেন ওষুধ নিতে। জরুরি বিভাগে নিয়োজিত ডাক্তারও এ সময় দুপুরের খাবার নিয়ে ব্যস্ত থাকেন। ফলে দীর্ঘ অপেক্ষার পর অনেকে জরুরি বিভাগের ডাক্তারের সেবা নিয়ে বাড়ি ফেরেন।
সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের পর জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে, সেখানে দায়িত্ব পালন করছেন সাবঅ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ার হোসেন। প্যাথোলজি থেকে রিপোর্ট নিয়ে তার কাছে আসেন দোহাকুলা গ্রামের আবেদ আলীর স্ত্রী আলেয়া বেগম। আউটডোর থেকে যে পরামর্শপত্র দেওয়া হয়েছে আনোয়ার হোসেন সেইটার ওপরই ওষুধের নাম লিখছেন। অথচ নিয়ম রয়েছে একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শপত্রে কোনভাবেই মেডিকেল অ্যাসিসটেন্টরা লিখতে পারবেন না। এ হাসপাতারের শিশু রোগ বিশেজ্ঞ ডা. মনিরুজ্জামান বলেন, কোনভাবেই একজন মেডিকেল অ্যাসিসটেন্ট এ কাজটি করতে পারেন না। একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শপত্রে তার লেখার কোনও অধিকার বা এখতিয়ার নেই।
অনুসন্ধানে জানা গেছে, নীতিমালা অনুযায়ী আউডডোরে রোগী দেখার কথা সকাল নয়টা থেকে। অথচ কোনও কোনও ডাক্তার সাড়ে ১০টায়ও আউটডোরের চেম্বারে আসেন না। আবার একটা বাজলেই বেরিয়ে যান। আউটডোরের রোগীদের ওষুধ দেওয়া শেষ না হওয়া পর্যন্ত ফার্মেসি খোলা রাখার নিয়ম থাকলেও একটা বাজতে না বাজতেই ফার্মেসি বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে কথা হয় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর প্রধান ডা. অরুপ জ্যেতি ঘোষের সাথে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি ঢাকায় একটি প্রশিক্ষণে আছি। এসে বিষয়টি খতিয়ে দেখব। আর দুপুর দুইটা পর্যন্ত আউটডোরে ডাক্তার থাকা ও ফার্মেসি খোলা রাখার নির্দেশনা দেওয়া আছে’।