বাঘারপাড়ায় দুর্নীতির অভিযোগে বাসুয়াড়ি ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক এ ব্যবস্থা গ্রহণ করেন।

জানা গেছে, গত ৩ আগস্ট উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের আবু নিসার আলী স্থানীয় সরকারের যশোর জেলা উপপরিচালকের (ডিডিএলজি) দপ্তরে অনলাইনে অভিযোগ দায়ের করেন। নিসার আলীর দুই ছেলে আবু রায়হান ও রায়হান হোসাইনের জন্মনিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন করেন।

এ কাজে নিসার আলীর কাছে প্রথমে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ২০ হাজার টাকায় এ কাজ করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিম। এসব কথাবার্তা মোবাইল ফোনে রেকর্ড করে তা ডিডিএলজি যশোর দপ্তরে পাঠান নিসার আলী। ডিডিএলজি এ অভিযোগের তদন্ত দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের কাছে।

গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার তদন্তে সত্যতা পাওয়ায় আব্দুল আলিমকে কারণ দর্শানো নোটিশ দেন। এতে চার দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়। বিষয়টি নিয়ে গত ৬আগস্ট দৈনিক লোকসমাজ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এছাড়াও গত ২জুলাই যশোরের আমলী আদালতে (অর্থ-ঋণ আাদালত) একটি সিআর মামলায় (অর্থ জালিয়াতি) ১৩জুলাই হাজিরা দিতে গেলে বিচারক আব্দুল আলিমকে জামিন না দিয়ে কারাগারে পাঠান।

এঘটনায় তিনি ১০ দিন জেল হাজতে ছিলেন। এসব ঘটনায় সোমবার যশোরের জেলা প্রশাসক তাকে সাময়িক বরখাস্ত করলেন। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তবে জবাব সন্তোষজনক না হওয়া আব্দুল আলিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে জেলা প্রশাসক দপ্তরে সকল তথ্যাদি পাঠানো হয়। তার প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করেন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।