যশোরের অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ১

0
যশোরের অভয়নগরে রাতে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার এক প্রতিবেশী।। ফাইল ছবি: সংগৃহীত

স্টাফ রির্পোটার, অভয়নগর যশোর ॥ যশোরের অভয়নগরে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন আপন। পরবর্তীতে রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে তাদের চালিত মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল আপনকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, গুরুতর আহত হোসেন আলীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত তরুণ আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে। তরুণ এই আপনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।