বাঘারপাড়ার আ.লীগের ১৪ কর্মীকে কারাগারে প্রেরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যশোরের বাঘারপাড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১৪ কর্মী বৃহস্পতিবার আমলী আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা আদালতে জামিনের আবেদনও জানান। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আত্মসমর্পণকারীরা হলেন, বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের শাফায়াত আলীর ছেলে ইব্রাহিম, লুৎফর রহমানের ছেলে লিটন, মোকলেচুর রহমানের ছেলে আব্দুস সামাদ মন্ডল ও শরিফুল ইসলাম, মির্জাপুর গ্রামের জাফর আলীর ছেলে নাজমুল হোসেন, রাশেদ মোল্লার ছেলে রাজিব হোসেন, ওলিয়ার রহমানের ছেলে মশিয়ার রহমান, ইব্রাহিমের ছেলে আরজ আলী, চম্পাতলা গ্রামের মোকছেদ আলীর ছেলে আক্তার হোসেন, সিলিমপুর গ্রামের রজব আলীর ছেলে আব্দুল আজিজ বিশ্বাস, কৃষ্ণনগর গ্রামের রজব আলীর ছেলে বকুল, আজিজ মন্ডলের ছেলে গোলাম মোস্তফা, সূত্রাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইউসুফ হোসেন ও তেলিধান্যপুড়া গ্রামের লাল মিয়ার ছেলে শরিফুল ইসলাম।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর ভাটার আমতলায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন লস্কর বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিপুল ফারাজীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩০৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত ১৪ আসামি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।