মনিরামপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত : স্মরণসভায় জনতার ভিড়

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মনিরামপুর পৌর শহরের নারকেলতলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে তিনটার আগেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে সমবেত হন।

নির্ধারিত সময়ের মধ্যে জনস্রোত দলীয় কার্যালয় ছাড়িয়ে থানার উত্তরপাশ, দোলখেলা মোড়, থানামোড়, গরুহাট মোড় এবং রাজগঞ্জ ও তাহেরপুর মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। আশপাশের বহুতল ভবনগুলোর ছাদ ও বারান্দাতেও মানুষের ভিড় দেখা যায়। নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক নারী এবং বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে অংশ নেন।

ছবি: সংগৃহীত।

উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেনের সঞ্চালনায় ও জেলা মহিলা দলের সহসভাপতি মেরী ইকবালের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।