জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগে মামলা

আসাামী অজ্ঞাত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকুলতলার মোড় এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের সাথে জড়িতদের এখনো পর্যন্ত শনাক্ত এবং আটক করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় বুধবার সকালে কোতয়ালি থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেছেন কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বিশ্বাস পাড়ার মৃত রাজালী বিশ্বাসের ছেলে জুলাইযোদ্ধা আব্দুল হালিম।

মামলায় আব্দুল হালিম উল্লেখ করেছেন, গত ২ নভেম্বর ভোর ৪টা ৩৫ মিনিটে যশোর শহরের বকুলতলা গরীব শাহ মাজার এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসেন। তাদের মধ্যে দুই জন মোটরসাইকেল থেকে নেমে একটি পাত্র হতে দাহ্য পদার্থ বের করেন এবং স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে ছড়িয়ে আগুন ধরিয়ে দেন।

এরপর তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আগুন দেওয়ার কারণে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে কালো দাগ হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে ঘটনাটি জানতে পারেন, গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুল হালিম।

পরে তিনি ঘটনাস্থলে কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ওই ফুটেজ থেকে ফুটেজে তিন ব্যক্তির অগ্নিসংযোগ করার দৃশ্য দেখতে পান আব্দুল হালিম।

তার অভিযোগ, জুলাই-২০২৪-এর চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন আগুন দেওয়া হয়েছে।

মামলায় তিনি অগ্নিসংযোগে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি সহযোগী, মদদদাতা ও অর্থ যোগানদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোতয়ালি থানা পুলিশের ওসি কবির হোসেন জানান, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।