বাগেরহাটে কসমেটিক্সে সিল মেরে মেয়াদ বাড়ানোয় ৫০ হাজার টাকা জরিমানা

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে বিদেশি কসমেটিক্স মজুদ, মেয়াদ উত্তীর্ণ পণ্যে মেয়াদ বৃদ্ধির সিল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে দিপংকর সাধু নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট শহররক্ষা বাঁধ সংলগ্ন জয়হরি এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।
একই সাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য, আমদানিকারকের সিল ও নাম না থাকা পণ্য, অবৈধ বিদেশি কসমেটিক্স কোম্পানিতে ফেরত দেয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া বিদেশি কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।
জয়হরি এন্টারপ্রাইজের গুদামে মেয়াদ উত্তীর্ণ ইমাসল, মেয়াদ উৎপাদন তারিখ না লেখা পকেট পারফিউম, আমদানিকারকের নাম, সিল ও মেয়াদবিহীন বিদেশি ক্রিম, সাবান ও সেন্ট পাওয়া যায়। জয়হরি এন্টারপ্রাইজ পাইকারি কসমেটিক্সের ডিলার। এই ব্যবসায়ী বাগেরহাটের বিভিন্ন খুচরো বিক্রেতাদের কাছে কসমেটিক্স
বিক্রি করে থাকেন। গুদামের মধ্যে পণ্যের গায়ে মেয়াদের স্টিকার লাগানোর সড়ঞ্জাম ও সিস্টেম রয়েছে। যা দিয়ে নিজেরা ইচ্ছেমত মেয়াদ ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের মেয়াদ বৃদ্ধি করতে পারতেন।
এরআগে একই এলাকায় ফুডক্যাব নামের একটি খাবার হোটেলকে এক হাজার এবং মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জয়হরি এন্টারপ্রাইজের গুদামে আমদানিকারকের নাম ও মেয়াদবিহীন বিভিন্ন কসমেটিক্স, মেয়াদ উত্তীর্ণ বেশকিছু কসমেটিস্ক পাওয়া গেছে। যা তিনি বিভিন্ন খুচরো দোকানে সরবরাহ করতেন। এছাড়া বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পণ্যে মেয়াদ বৃদ্ধির সিল ও স্টিকার লাগাতেন তারা। গুদামের মধ্যে পণ্যের গায়ে সিল ও স্টিকার লাগানোর ব্যবস্থা রয়েছে তাদের। এসব অপরাধে ভোক্তা অধিকার আইনে জয়হরি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে
জানান তিনি।