হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ হেরোইনের মামলায় বেনাপোল ভবেরবেড় গ্রামের মাদক ব্যবসায়ী মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মহাসিন ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাড. আজিজুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের জনৈক রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মহাসিনকে আটক ও দেহ তল্লাশি করে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহাসিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।