শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

0
আটক মকছেদ আলীকে (৫৫)। ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ এসেছে। গত ১২ আগস্ট বিকেলে শার্শার মহিষা গ্রামে ওই শিশুকে ধর্ষণ করা হয়। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ১৯ আগস্ট বুধবার শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা পাওয়ার সাথে সাথে অভিযুক্ত আসামি মকছেদ আলীকে (৫৫) আটক করেছে। আটক মকছেদ আলী মহিষা মোল্লাপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

শার্শা থানা ও মামলা সূত্রে জানা গেছে, ১২ আগস্ট বুধবার ধর্ষণের শিকার শিশুটি স্কুল থেকে বাড়িতে আসে। এরপর সে অভিযুক্ত মকছেদ আলীর বাড়ির পাশে খেলতে যায়। এ সময় লম্পট মকছেদ আলী শিশুটিকে ২০ টাকা দেওয়ার কথা বলে বাড়ির পাশে একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে।

এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তার হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক খালার কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনা তার পিতা- মা জানতে পেরে ১৯ আগস্ট বুধবার শিশুটির মা শার্শা থানায় লিখিত এজাহার দাখিল করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ সামিনুল হক জানান, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ একটি টিম নিয়ে অভিযান চালিয়ে তথ্য- প্রযুক্তির সহায়তায় শার্শা থানার মহিষা এলাকা হতে এজাহারভুক্ত আসামি মহছেদ আীলকে আটক করেন। ১৯ আগসস্ট দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।