বাগেরহাটে এক রাতে সাত দোকানে চুরি

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট শহরে এক রাতে দুটি মার্কেটের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা, সোনার গহনাসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার গভীর রাতে বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়কের হাজী শামসুদ্দিন প্লাজা ও জ্যাকসন সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, রাউন্ড ফ্যাশন, গোল্ড কর্নার, স্মার্ট চয়েস, ওয়ান নাইনটি নাইন, পারিজাত গার্মেন্টস, রুবাব ফ্যাশন এবং সুরুচি গার্মেন্টস। এর মধ্যে প্রথম চারটি জ্যাকসন সুপার মার্কেটে এবং বাকি তিনটি হাজী শামসুদ্দিন প্লাজায়। তিনটি কসমেটিকস এবং চারটি পোশাকের দোকান।
পারিজাত গার্মেন্টসের মালিক মো. মাহবুবুল আলম কাজল বলেন, শনিবার রাতে বৃষ্টি ছিল। চোরের দল আমার দোকানের শাটার ভেঙ্গে ভেতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে। তবে তারা কোনও পোশাক নেয়নি।
ব্যবসায়ী শারমিন বেগম বলেন, প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে মার্কেটে এসে পাশের দোকানী দেখেন আমার দোকানের শাটার ভাঙা। তখন তার ফোন পেয়ে দোকানে আসি। আমার দোকানে রাখা কানের দুল, নাকফুল ও একটি আংটি ক্যাশবাক্সে রাখা ছিল। চোরেরা ক্যাশবাক্স ভেঙে সোনার গহনা ও টাকা নিয়ে গেছে।
হাজী শামসুদ্দিন প্লাজার মালিক ও পোশাক ব্যবসায়ী শেখ বশিরুল ইসলাম বলেন, শনিবার গভীর রাতে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পাশাপাশি দুটি মার্কেটের চারটি পোশাক ও তিনটি কসমেটিকস মিলে মোট সাতটি দোকান একই রাতে চুরি হয়েছে। প্রতিটি দোকানের শাটারের তালা না ভেঙে মাঝ দিয়ে ভারী কোনও লোহার রড দিয়ে বাঁকা করে চোরের দল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করার দাবি জানান এই ব্যবসায়ী।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, একই রাতে দুটি মার্কেটের সাতটি দোকানের শাটার ভেঙে সংঘবদ্ধ চোরের দল নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছে এই মার্কেট দুটি অরক্ষিত। এতোবড় দুটি মার্কেটে কোনও সিসি ক্যামেরা নেই। নিজস্ব পাহারার ব্যবস্থা নেই। সংঘবদ্ধ চোরের দলকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।