বাগআঁচড়ায় হেলিকপ্টারে এসে বাড়ির ছাদে নামলেন প্রবাসী

0

আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এষনা। রোববার (১১ জুন) যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে দুপুরে একটি হেলিকপ্টারে চড়ে তার বাড়ির ছাদে নামেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী এষনা বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে। তার বাবাসহ পরিবার যুক্তরাষ্ট্র প্রবাসী। এষনা ওই দেশের একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) থেকে অসহায়রা বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদ্রাসা ও এতিমখানা অর্থ সহযোগিতা পেয়ে থাকে। এষনা বলেন, ‘২০১২ সালে আমরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিকত্ব লাভ করে বাবা-মা ও ভাইদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নাড়ির টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।’ এদিকে হেলিকপ্টারে তার নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় করের। ভিড় ঠেকাতে পুলিশ তৎপর ছিলো।