বাগআঁচড়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর)॥ যশোরের শার্শায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া ‘শিশু চেম্বার’র কথিত চিকিৎসকের কাছে এক শিশুর মৃত্যু নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন আবু সাঈদ নামে বাগআঁচড়া বাজারের কথিত ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় ফারিহা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুর পরিবার ও স্থানীয়দের অভিযোগে জানা যায়, শুক্রবার (৫ মে) বিকেলে সাঈদের ক্লিনিকে উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের আবু ছিদ্দিকের শিশু কন্যা ফারিয়া চিকিৎসা নিতে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় সাঈদ শিশুর স্বজনরা কিছু বুঝে উঠার আগেই তড়িঘড়ি করে তাকে বাড়ি নিয়ে যেতে বলেন। এসময় শিশুটির স্বজনেরা মৃত শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং আবু সাঈদের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠে।
এবিষয়ে ওই শিশু চেম্বারের স্বত্বাধিকারী আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি চিকিৎসা দিইনি। তবে শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল দেখে বাইর থেকে অক্সিজেন সিলিন্ডার এনে দেওয়ার পর অক্সিজেন চলাকালীন শিশুটির মৃত্যু হয়।
উপজেলা সাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী বলেন, ইতোপূর্বে অভিযোগের ভিত্তিতে তার চেম্বারটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা উপেক্ষা করে চেম্বার চালাচ্ছে সেটা আমার জানা নেই। শিশু মৃত্যুর বিষয়টি এই মাত্র শুনলাম। এবিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ভুয়া চিকিৎসক আবু সাইদ পরিচালিত ওই প্রতিষ্ঠানে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় বন্ধ করার নির্দেশ দেন সিভিল সার্জন। সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবার খুলে যায় চেম্বার। তার নেই কোন স্বাস্থ্য অধিদপ্তরের সার্টিফিকেট ।