বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

0
ভারত না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ; বিকল্প হিসেবে প্রস্তুত স্কটল্যান্ড।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া ভেন্যু জটিলতা এখন চূড়ান্ত সংকটে রূপ নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী মাসে নির্ধারিত বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে না খেললে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। আজ সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আইসিসি সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আইসিসি তাতে সায় দেয়নি। আইসিসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আগামী বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা এই পরিস্থিতির প্রেক্ষাপট হিসেবে কাজ করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার প্রস্তাব দিলেও আইসিসি এখনও কোনো ইতিবাচক সমাধান দেয়নি।