বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই: বিসিসিআই সেক্রেটারি

0
ভেন্যু পরিবর্তন ইস্যুতে মুখ খুলল ভারত; সিদ্ধান্ত আইসিসির হাতে ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মুম্বাইয়ে বোর্ড সভা শেষে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সাফ জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। বিষয়টি এখন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

মূলত, ভারতে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বিসিবি আইসিসিকে অনুরোধ করে তাদের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টাইগাররা। বিশ্বকাপের দশম আসরের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই হবে কলকাতায়। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলার পর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি দুইবারের শিরোপাজয়ী ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লিটন দাসের দল।

 

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন সংস্থাটি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ সমাধানে আশ্বস্ত করেছে। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ৭ ফেব্রুয়ারি ঘনিয়ে আসায় ভেন্যু পরিবর্তন হবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় উভয় পক্ষ।