বাঁকড়া ডিগ্রি কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৩’র উপাজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কলেজ পর্যায়ে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। দুবছরের পরীক্ষার ফলাফল, ২ বছরের পাস করা শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, ভৌত অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃংখলা, জাতীয় দিবসসমূহ উৎযাপন, সুপেয়পানি ও স্যানিটেশব ব্যবস্থা, গ্রন্থাগার ও বিজ্ঞানাগার, পঠন পাঠনের নিয়মানুবর্তিতা, খেলাধুলা, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ও কম্পিউটার ল্যাব, স্কাউটস, রোভার ও গালসগাইড কার্যক্রম পালন এই ১৪ ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে উপজেলার ১১টি কলেজের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এটি। বিচারক মন্ডলীতে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীর, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহউদ্দিন, ও ইন্সট্রাক্টর শিউলি খাতুন।
বৃহস্পতিবার বিকেলে ফলাফল ঘোষণা করেন, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম কামরুজ্জামান জাহাঙ্গীর। ইতোপূর্বে ২০১৭ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও ২০২২ সালে একই কলেজের অধ্যক্ষ সামছুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া এ বছর একক অভিনয়ে প্রথম হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ঐশী, দ্বাদশ শ্রেণিতে লালনগীতি ও রবীন্দ্রসংগীতে প্রথম হয়েছে রাসেল রানা এবং জারিগানে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে ঐশী ও তার দল। জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৩-এ শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. মহসীন আলী, অধ্যক্ষ সামছুর রহমানসহ সংশ্লিষ্টরা।