বাঁকড়ায় দাতব্য চিকিৎসালয় কেন্দ্রে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছা উপজেলার বাঁকড়া সরকারি দাতব্য চিকিৎসালয় কেন্দ্রে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম। জানা গেছে, বাঁকড়া সরকারি দাতব্য চিকিৎসালয় কেন্দ্রটি ৫টি ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা কেন্দ্র। এখানে প্রতিদিন শ শ মানুষ বিনা খরচে চিকিৎসা নেওয়াসহ বিনামূল্যে ওষুধ পেয়ে থাকেন।
এই কেন্দ্রের ১একর ৪৪ শতক জমি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ওই জমির তিন পাশে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। অন্তত ৫০টি দোকানঘর নির্মাণসহ দাতব্য চিকিৎসালয়ের সামনের মাঠে প্রাইভেটকার, থ্রি-হুইলার ও ইজিবাইকস্ট্যান্ড গড়ে উঠেছে। এছাড়া মাঠের মাঝ বরাবর পাকা সড়ক তৈরি করা হয়েছে। দোকানগুলো থেকে প্রভাবশালীরা প্রতিমাসে লক্ষাধিক টাকা ভাড়া আদায় করছে। অথচ চিকিৎসালয় কেন্দ্রে কোনও ভাড়ার টাকা জমা হচ্ছে না।
সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম আগামী ৭দিনের মধ্যে ওইসব দোকানের যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। উল্লিখিত সময়ের মধ্যে সরানো না হলে দোকান ভেঙে দেওয়া হবে বলে দোকানিদের সতর্ক করা হয়েছে। এ সময় বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান, বাঁকড়া বাজার কমিটির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবু, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার আলী উপস্থিত ছিলেন।