বঙ্গোপসাগরের মাছ আহরণে কপিলমুনির জেলেপল্লীতে প্রস্তুতি

0

 

এইচএম শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা)॥ শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য কপিলমুনির জেলে পল্লীগুলোতে এখন ব্যাপক প্রস্তুতি চলছে। জেলেপল্লীর জেলেরা দুর্গাপূজার পর উপজেলার সকল ট্রলার এক সঙ্গে রওনা দেবেন । মহাজনের চড়া সুদে দাদনে টাকা নিয়ে জীবিকার তাগিতে আশা-হতাশায় সাগর যাত্রার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নতুন ট্রলার তৈরি এবং পুরনো ট্রলার মেরামত, জাল বোনা ও জাল শুকানোর কাজের ধুম পড়ে গেছে। জেলেপল্লীর নারী-পুরুষ ও শ্রমিকরা সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন।

াইকগাছাউপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটী, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া, রাড়লী, শাহাপাড়া, বাঁকাসহ বিভিন্ন গ্রামের জেলে পল্লী থেকে প্রায় ২৫০টি ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সব কাজে বাড়ির ছোট বড় সবাই সহযোগিতা করছে। নতুন ট্রলার তৈরি, পুরনো ট্রলারগুলো সংস্কার, জাল বোনা, লোহার নোঙ্গর, ট্রলারের রং করা, জালে গাবকুটে তার রস লাগানোসহ সমুদ্রে যাওয়ার বিভিন্ন কাজ কর্ম নিয়ে জেলেপল্লীর নারী-পুরুষরা ব্যস্ত দিন কাটাচ্ছে।
উপজেলার বোয়ালিয়া মালোপাড়া সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলাপাড়ার নারী-পুরুষ সকলেই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মালোপাড়ায় ৩টি নতুন ট্রলার তৈরি করার কাজ চলছে।
মালোপাড়ার রবিন বিশ্বাস, প্রজিত বিশ্বাসসহ কয়েক জন নতুন ট্রলার তৈরি করছে। তাছাড়া দিপংকর বিশ্বাস, সিতেরাম বিশ্বাস, তাপস বিশ্বাস, দয়াল মন্ডল তাদের পুরনো ট্রলারগুল মেরামত করছেন। কপোতাক্ষ নদের তীরে বোয়ালিয়া ব্রীজের দুই পাশে ট্রলার তৈরী ও মেরামতের কাজ চলছে। বোয়ালিয়া মালোপাড়ার বিশ্বজিত বিশ্বাস জানান, সমুদ্রে মাছ ধরতে ১টি ট্রলার তৈরি করছেন তিনি। নতুন ট্রলার তৈরি করতে সর্বমোট খরচ পড়ছে ৬ থেকে ৭ লাখ টাকা। মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছেন। সাগরে মাছ ধরে তা বিক্রি করে টাকা শোধ করবেন বলে তিনি জানান।
এ ব্যপারে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু বলেন সমুদ্রগামী জেলেদের জন্য মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, সুন্দরবনকে দস্যু মুক্ত করা হয়েছে। এবার যে কারণে জেলেদের যাওয়া -আসায় কোন বাধা বা চাঁদা প্রদান করতে হবে না।