ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান তিন মাসের যুদ্ধাবস্থার অবসান ঘটাতে মার্কিন প্রশাসন যখন কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই লেবাননে নতুন করে ইসরায়েলি হামলার কারণে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এমন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে কড়া কথা শুনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে সম্বোধন করেছেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তিনি যে সবার কাছে অপ্রিয় হয়ে উঠেছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এই ফোনালাপের বিষয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। দুই নেতার কথোপকথন সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়। এর ঠিক আগেই ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে, তারা লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করবে এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বোমা হামলা চালাবে। এই প্রেক্ষাপটে ফোনালাপের সময় ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে নেতানিয়াহুর ওপর রীতিমতো চিৎকার শুরু করেন। তবে প্রথমে বেশ নরম সুরে কড়া কথা শুনিয়ে ট্রাম্প বলেন, ‘এখন সবাই আপনাকে ঘৃণা করে। এ কারণে (যুদ্ধ) সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।’ একজন মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে বেশ কয়েকবার কথা হলেও এবারের কথোপকথন ছিল নজিরবিহীনভাবে ‘উত্তপ্ত ও তিক্ত’।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প তাঁর ইসরায়েলি মিত্রকে অতীতে দেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সমর্থনের কথা স্মরণ করিয়ে দেন। সেই সঙ্গে তিনি সতর্ক করেন যে, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও চরমভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। অ্যাক্সিওসে প্রকাশিত এই উত্তপ্ত ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে ফোনালাপ শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট দেন। সেখানে তিনি কৌশলগত কারণে এই ফোনালাপকে ‘ফলপ্রসূ’ বলে দাবি করেন। ট্রাম্প আশা প্রকাশ করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অন্যের ওপর হামলা চালানো বন্ধ করবে এবং ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে অগ্রসর হবে না। কিন্তু ট্রাম্পের এই বার্তার পরপরই নেতানিয়াহুর দপ্তর থেকে একটি পাল্টাবিবৃতি দেওয়া হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সেই বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, লেবানন থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও বৈরুতে পাল্টা হামলা চালাবে। এই বিষয়ে ইসরায়েল তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী যথানিয়মেই চলবে।