পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

0
পাকিস্তানের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫ পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের বাইরে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পুরোনো পুলিশ লাইনসের কাছে মসজিদটির অবস্থান। শুক্রবার জুমার নামাজ চলাকালে মসজিদের ফটকের বাইরে হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলে বিশাল গর্তের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, হতাহতদের অধিকাংশই মসজিদে নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লি।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ বিস্ফোরণের বিস্তারিত জানিয়ে জানান, বিস্ফোরকবাহী একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী ভবনের ফটকে আঘাত হেনে প্রথম বিস্ফোরণটি ঘটায়। এর পরপরই কয়েকজন সশস্ত্র হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিরাপত্তাবাহিনী তাদের নিষ্ক্রিয় করে। অন্যদিকে অন্তত তিনজন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে সরে যায়।

হামলার পর কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) তাহির আলী শাহ জিও নিউজকে জানান, হাসপাতালটিতে ১৫ জনের মরদেহ এবং ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করে আনা হয়েছে। জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফয়জি জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। আহতদের কোহাটের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।