ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

0
(এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিও বার্তা দেন তিনি।

ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার। কিন্তু আমার সে পরিমাণ অর্থ নেই, আয়ও নেই।’

জনতার টাকায় জনমুখী রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যারা আর্থিকভাবে সহযোগিতা করতে আগ্রহী, তাদের জন্য তিনি বিকাশ ও নগদ নম্বরসহ একটি ব্যাংক হিসাবও ফেসবুক পোস্টে প্রকাশ করেন।

প্রসঙ্গত, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার ফুয়াদের মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন দাখিলের আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগও করেন।