এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ, অয়নকে গুমের অভিযোগ নাকচ পুলিশের

অয়নকে গুমের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় তাদের ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হলে বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা আসেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকায় আদালতে সোপর্দ করা হয়।

একই সঙ্গে যশোর থেকে গ্রেফতার যুবশক্তির নেতা অয়ন রহমান খানকেও আদালতে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান দাবি করেন, তাকে কোনোভাবেই গুম করা হয়নি। গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের সময় তার বাবা-মা ও বোনকে অবহিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অয়নকে গুম করা হয়েছে—এমন তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, ডিবি পুলিশ গ্রেফতারের পর থেকেই পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন।

প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা এবং ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।