ফুলতলায় মিলন ফকির হত্যায় আটক নেই তিন দিনেও

0

শামসুল আলম খোকন,ফুলতলা (খুলনা)॥ গত ৩দিনেও ব্যবসায়ী মিলন ফকির হত্যার মোটিভ উদ্ধার এবং ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত মিলনের স্ত্রী রাসিদা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ফুলতলা থানায় মামলা করেছেন। মামলার তদন্তভার গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর ন্যস্ত হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাতে ফুলতলার তাঁজপুর এলাকার ইউপি সদস্য ফারুক মোল্যা, লিটন ফকির ও হাবিব মোল্যার সাথে মিলন ফকির ফুলতলা থানা এলাকার ভৈরব নদীর ঘাট ইজারা নেয়ার বিষয়ে কথা বলেছিলেন। এ বিষয়ে গত কয়েকদিন ধরে উক্ত ব্যক্তিরা মিলনের সাথে ঘাট ইজারার বিষয়ে আলাপ আলোচনা করছিল।
তারই সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে এমন ধারনার কথা এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদি রাসিদা বেগম।
তবে গত ৩দিনেও পুলিশ ঘটনার মোটিভ উদ্ধার, কিলিং মিশনে অংশ নেয়া কোন অস্ত্রধারী বা তাদের গডফাদারকে আটক করতে পারেনি। উদ্ধার হয়নি ঘটনায় ব্যবহৃত অস্ত্র। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন মোল্যা বলেন, মামলার বাদি ও সাক্ষীরা মঙ্গলবার বিকাল পর্যন্ত লাশের জানাযায় ও দাফনে ব্যস্ত ছিলেন । ফলে তাদের সাথে কথা বলা ও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আজ (বুধবার) মামলার বাদি ও স্বাক্ষীদের সাথে কথা বলে তদন্ত শুরু ও আসামি আটকের চেষ্টা করা হবে।
ফুলতলা বাজারের অদূরে আইডিয়াল স্কুল মোড়ের কয়েকটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ৩০ ডিসেম্বর সোমবার সকাল ৮ টা ৯ মিনিটে জিন্সের প্যান্ট ও সাদা কেডস্ পরিহিত দুই যুবক লাল রংয়ের একটা পালসার মোটরসাইকেলে এসে আব্দুল আহাদের চায়ের দোকানের সামনে দাঁড়ায়। তারা মোটরসাইকেল থেকে নেমে মা টেলিকোন এন্ড কনফেকশনারির সামনে থাকা মিলন ফকিরকে গুলি করে। আহত মিলন ফকির জীবন বাঁচাতে দৌড় দিয়ে ওই দোকানে প্রবেশ করলে অস্ত্রধারীরা ওখানে গিয়ে তার বুক ও মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে ওই মোটরসাইকেল নিয়েই দ্রুত জামিরার দিকে চলে যায়। এ সময় ওই স্থানে থাকা স্কুল শিক্ষক শীতল কান্তি মন্ডল বাম উরুতে গুলিবিদ্ধ হন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সোমবার দুপুরে মিলন ফকিরের স্ত্রী রাশেদা বেগম তার বাড়িতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ফুলতলা উপজেলার শিকিরহাট, রানাগাতি ও কালিয়া উপজেলার পেড়োলী ঘাটের ইজারা নেয়ার জন্য মিলন দরপত্র সংগ্রহ করেন। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার দরপত্র জমা দেয়ার কথা ছিল। গত হাটের দিন ঘাটের বর্তমান ইজারাদার ও সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন মোল্যা তাকে একটি মুরগী কিনে দেন এবং শিকিরহাট ঘাটের দরপত্র জমা না দেয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া গত কয়েকদিন ধরে আলমগীর মোল্যা ও ইউপি সদস্য ফারুক মোল্যা দরপত্র জমা না দেয়ার জন্য মোবাইল ফোনে অনুরোধ জানাতে থাকেন।
ফুলতলা থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদার বলেন, সোমবার আলমগীর হোসেন মোল্যাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় হয়।