ফুলতলায় আশ্রয়ণ প্রকল্পের ৭৭টি ঘরের ২০টিতে এক বছরেও কোনও পরিবার ওঠেনি

0

শামসুল আলম খোকন, ফুলতলা (খুলনা) ॥ ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে ওঠেনি ২০টি উপকারভোগী পরিবার । আবার একজনের নামে বরাদ্দকৃত ঘরে বসবাস করছে অন্যজন। ইতোমধ্যে কিছু ঘরে ফাটল দেখা দিয়েছে ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলা উপজেলার দক্ষিণডিহি মৌজায় আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবার পুনর্বাসনে গত ২০২১-২২ অর্থবছরে ১ দশমিক ৬০ একর জমি কেনা হয়। ২ শতক জমিতে প্রতিটি ঘর নির্মাণের জন্য ২ লাখ ৬৯ হাজার ৫শ টাকা বরাদ্দ করা হয়। কেনা জমিতে ২ কোটি ৭ লাখ ৫১ হাজার ৫শ টাকা ব্যয়ে ৭৭টি ঘর নির্মাণ করা হয়। গত জুন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর ৭৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। কিন্তু ২০টি পরিবার এখনো তাদের বরাদ্দ পাওয়া ঘরে ওঠেনি।
সরেজমিনে দেখা যায় আশ্রয়ণ প্রকল্পের ৭৭টি ঘরের মধ্যে ২০টি ঘরে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। আশপাশের ঘরে বসবাসকারীরা জানান, প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েও এখনও পর্যন্ত ওইসব ঘরে কেউ আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, তালবদ্ধ ৬ নং ঘরের উপকারভোগী জোহর শেখের কন্যা নাসিমা বেগম, ১৮নং ঘর সাদেক আলী ব্যাপারীর কন্যা গোলাপি বেগম, ৯নং ঘর মৃত খালেক সরদারের কন্যা লতিফা বেগম, ৩৮নং ঘর মৃত জালাল সরদারের কন্যা লালবানু, ৪০নং ঘর আলী আকবার খানের কন্যা রেশমা বেগম, ৭৭নং ঘর আনছার আলী শেখের কন্যা পারভিন বেগম, ২নং ঘর হাসেম আলী খানের কন্যা কুলসুম বেগম,৩৭নং ঘর মৃত ওমর আলীর কন্যা আনোয়ারা বেগম, ৩৯নং ঘর বাবলু শেখের কন্যা রনজিদা বেগম, ৩৬নং ঘর মৃত হাসেম গাজীর কন্যা লেবেনা বেগম, ২৩নং ঘর আব্দুল হাকিমের কন্যা সাজœু বেগম, ৪নং ঘর স্বামী পরিত্যক্তা ফরিদা বেগম,১০ নং ঘর মাহাতাব খানের কন্যা ফেরদৌসি খাতুন , ৪৪ নং ঘর মৃত আলতাফ মালির কন্যা আয়েশা বেগম, ৩৫ নং ঘর মৃত জলিল উদ্দীন শেখের কন্যা তানিয়া বেগম, ৬৯ নং ঘর তারাপদ হালদারের কন্যা শুধা হালদার, ৬৮নং ঘর মৃত দশরত দাসের কন্যা অঞ্জলী দাস , ৬৬ নং ঘর মৃত হাসেন আলী মোল্লার কন্যা শারমিন বেগম, ৬১নং ঘর মৃত মতোআলী সরদারের কন্যা ফিরোজা বেগম এবং ৭৪ নং ঘর মুন্সি ওয়াহিদুর রহমানের স্ত্রী সাফিয়া বেগম।
এছাড়া ৭৩নং ঘরে আফিলগেট এলাকার আব্দুল হাকিম (৭০) পরিবার নিয়ে বসবাস করলেও ঘরটির মালিক আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পনু মিয়ার বলে তিনি জানিয়েছেন। ঘর পেতে দাবিকৃত ১০ হাজার টাকা পনু মিয়াকে দেওয়া হয়েছে বলে আব্দুল হাকিমের অভিযোগ। তবে টাকা নেওয়ার বিষয়টি পনু মিয়া অস্বীকার করেন। ৬৮ নং ঘরের গ্রেড ব্রিমের পাশে এবং মেঝেতে ফাটল দেখা যায়। এমন সমস্যা অনেক ঘরের বলে ভুক্তভোগীর দাবি।
ফুলতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার বলেন, এলাকার বাইরের লোক এনে আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার কারণে অনেকেই ঘরে ওঠেনি। পেশাগত কারণে তাদের অন্য ইউনিয়নে অবস্থান করতে হয়। ফলে যাতায়তের অসুবিধার জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরে উঠতে অনীহা । ঘর বরাদ্দের আগে তৎকালীন প্রকল্প সভাপতি ইউএনও সাদিয়া আফরিনকে এলাকার ভূমি ও গৃহহীনদের নামে উপহারের ঘর বরাদ্দ দিতে অনুরোধ করা হলেও তিনি সেটা করেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন প্রকল্প সভাপতি কারও পরমার্শ না নিয়ে নিজেই উপকার ভোগীদের নামে বরাদ্দ দিয়েছেন।