ফকিরহাটে হামলায় আহত দিনমুজুরের মৃত্যু

0

ফকিরহাট (বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত বিল্লাল শেখ (৪৮) নামে এক দিনমুজুর ২৩দিন মৃত্যুর সাথে লড়ে মারা গেছেন।
সোমবার সকাল ৭টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের ময়না তদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
নিহত বিল্লাল উপজেলার জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের মরহুম মহার আলী শেখের ছেলে।
নিহত বিল্লাল শেখের ভাই হালিম শেখ জানান, গত ২১ জানুয়ারি সকালে তার ভাই বিল্লাল শেখের সাথে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বিল্লাল শেখের ওপর হামলা চালায়। এতে বিল্লাল শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুমেকে নিয়ে ভর্তি করেন। সেখানে দীর্ঘ ২৩দিন আইসিউতে চিকিৎসাধীন থেকে সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলমগীর কবীর জানান, আহত বিল্লাল শেখ মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।