প্রেমের টানে কিশোরগঞ্জে চীনা পুলিশ কর্মকর্তা

0
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম; সুদূর চীন থেকে কিশোরগঞ্জের ইটনায় সহকারী পুলিশ কর্মকর্তা ।। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা পুলিশ কর্মকর্তা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের প্রত্যন্ত কিষ্টপুর গ্রামে তাঁর প্রেমিকার বাড়িতে এই বিদেশি যুবকের আগমন এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা গাও ওয়েইয়ান প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিষ্টপুর গ্রামের ঝুমা আক্তারের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গাও ওয়েইয়ান চীনের শিনশিয়াং শহরে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মে রাতে ঝুমার দেওয়া ঠিকানা অনুযায়ী বাংলাদেশে এসে সরাসরি কিষ্টপুর গ্রামে পৌঁছান গাও ওয়েইয়ান।

ঝুমা আক্তার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দাখিল পাস করেছেন এবং বর্তমানে স্থানীয় একটি কামিল মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী। জন্মসনদ অনুযায়ী তাঁর বয়স ১৮ বছরের বেশি।

বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার সকালে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিকভাবেই গ্রহণ করেন গাও ওয়েইয়ান।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, বিষয়টি তিনি প্রথমে গণমাধ্যম থেকে জেনেছেন এবং পরে সত্যতা নিশ্চিত হয়েছে। তিনি বলেন, আইনগতভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।