প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর : শিক্ষামন্ত্রী

0
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদায়ন সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।। ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর আগামী ৪ অক্টোবর তাদেরকে নির্দিষ্ট বিদ্যালয়ে পদায়ন করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অনুষ্ঠিত প্রশ্নোত্তরা পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার উত্থাপিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।

সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ প্রক্রিয়ার আওতায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচিত এসব শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে উপস্থিত হয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

একই প্রশ্নোত্তরা পর্বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পদোন্নতি বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন (নং ৭৩/২০২৩) মামলাটি সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। আইনি জটিলতা নিরসন হওয়ায় পদোন্নতিযোগ্য এসব প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে সংশ্লিষ্ট কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং বর্তমানে তা চলমান রয়েছে।