যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কায় আহত ৫

0
ছবি: সংগৃহীত।

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখায় যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এলাকায় দুর্ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দিলে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে যশোর সদর হাসপাতালে এবং অপরজনকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাসের যাত্রীদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে শালিখা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

পরে বাসের সামনের অংশ কেটে চালক ও তার সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।