যশোরে পায়ের সঙ্গে বাঁধা ৯৯৭ পিস ইয়াবাসহ নারী আটক

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে পায়ের সঙ্গে অভিনব কায়দায় বাঁধা ৯৯৭ পিস ইয়াবাসহ আয়শা আক্তার নামে এক নারীকে আটক করেছে এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।

আটক আয়শা আক্তার যশোর রেলগেট পশ্চিমপাড়ার সোহেল হোসেনের স্ত্রী।

মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে করে ঢাকার দিক থেকে যশোরে মাদকের একটি চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় অবস্থান নেয়।

পরে বাসটিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন আয়শা আক্তারকে আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে তার পায়ের সঙ্গে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।