নড়াইলে ৮হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক

0
চুয়াডাঙ্গা ও নড়াইলে অভিযানে ১০ হাজার ৬৫০ ইয়াবা উদ্ধার
নড়াইলে ইয়াবাসহ আটক দুই বাস শ্রমিক

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। শনিবার দুপুরের দিকে সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বাসিন্দা ইয়াকুব সরদার (৪০) ও কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুজন মোল্যা (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র মতে, একটি কার্টনের ভেতরে ৪০টি নীল রঙের পলিতে মোড়ানো অবস্থায় ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, আটক দুই বাস শ্রমিক দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।