প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির

0
ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে এলেও ফিফার নতুন 'হেড টু হেড' নিয়মের মারপ্যাঁচে গ্রুপ পর্বেই থামল ক্যারিবীয়দের যাত্রা।। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্বের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে হাইতি। শুক্রবার রাতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে এই দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে ক্যারিবিয়ান দেশটিকে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে পরিচিত হাইতি ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ শেষেই তাদের সেই স্বপ্নযাত্রা থমকে গেল।

ফিলাডেলফিয়ার ম্যাচে ব্রাজিলের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড মাতেউস কুনিয়া জোড়া গোল করেন। দলের অন্য গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র, যিনি কুনিয়ার একটি গোলেও অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের এই দাপুটে জয়ের ফলেই মূলত হাইতির বিদায়ঘণ্টা বেজে যায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির সামনে এখন সর্বোচ্চ সমীকরণ হতে পারে মরক্কোর বিপক্ষে নিজেদের জয় এবং ব্রাজিলের কাছে স্কটল্যান্ডের পরাজয়। তেমনটি ঘটলে হাইতি ও স্কটল্যান্ড উভয়েরই পয়েন্ট হবে সমান ৩।

পয়েন্ট সমান হলেও হাইতি টেবিলের শীর্ষ তিনে উঠে আসতে পারবে না ফিফার নতুন নিয়মের কারণে। ২০২০ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৬ বিশ্বকাপ থেকে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের পরিবর্তে দলগুলোর মধ্যকার মুখোমুখি লড়াই বা ‘হেড টু হেড’ ফলাফলকে প্রথম টাইব্রেকার হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায়, হেড টু হেডের নিয়মে তারা স্কটিশদের পেছনে ফেলতে পারবে না। উল্লেখ্য, ১৯৭০ বিশ্বকাপ থেকে গোল ব্যবধানকেই টাইব্রেকারের প্রধান নিয়ম হিসেবে মানা হতো। তবে কোনো বড় দল যেন দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে অস্বাভাবিক ব্যবধানে জিতে গ্রুপ টেবিলের অন্য দলগুলোর ক্ষতি করতে না পারে এবং হিসাবটা আরও ন্যায্য হয়, সেজন্যই উয়েফার এই নিয়ম অনুসরণ শুরু করেছে ফিফা।