পাইকগাছায় ১৫৫টি মন্ডপে দুর্গোৎসব হবে

0

এইচএম শফিঊল ইসলাম,কপিলমুনি (খুলনা)॥ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় এলাকায় সাজ সাজ রব শুরু হয়ে গেছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে সারাদেশে শুরু হবে দুর্গাপূজা। তাই পাইকগাছায় ১৫৫টি মন্ডপে বড় বড় প্যান্ডেল তৈরির হিড়িক পড়েছে। দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছার পূজা মন্ডপগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। এ বছর পাইকগাছা উপজেলায় ১৫৫টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান।
উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৫৫টি মন্দির ও মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। এর মধ্যে পৌরসভা ৭ টি, হরিঢালীতে ২০টি, কপিলমুনিতে ২০টি, লতায় ১৩টি, দেলুটিতে ১৩টি, সোলাদানায় ১৫টি, লস্করে ১৬টি, গদাইপুরে ৭ টি, রাড়–লীতে ১৯ টি, চাঁদখালীতে ১৪টি ও গড়ইখালী ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে পূজার প্রস্ততি চলছে।
সিংহ বাড়ির মন্ডপের সভাপতি মানিক লাল সিংহ বলেন, আমাদের মন্ডপে জনগণের ভিড় হয় প্রায় এক কিলোমিটার। সকলের সহযোগিতায় এত বড় প্রোগ্রাম শেষ করবো। পঞ্চমীর মধ্য দিয়ে দুর্গাদেবীর বোধন অনুষ্ঠনের ভেতর দিয়ে পূজা শুরু হয়ে ২৪ অক্টোবর বিজয়া দশমী পূজার মধ্য দিয়ে শারদীয়া দুর্গাপুজা শেষ হবে। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু জানান, সকল কমিটির সিদ্ধান্ত জেনেশুনে পূজার প্রস্তুতি চলছে। শারদীয়া দুর্গা উৎসব সুশৃংখল ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পাইকগাছা থানার অফিসার ওসি রফিকুল ইসলাম জানান।