পাইকগাছায় সাংবাদিকের সম্পত্তি দখলের চেষ্টা ঘেরের মাছ ও বাসার জিনিসপত্র লুটপাট

0

 

খুলনা ব্যুরো॥ খুলনার পাইকগাছায় আদালতের রায়,ডিগ্রি ও স্থায়ী নিষেধাজ্ঞাকে অমান্য করে চিংড়ি ঘেরে লুটপাট করার ঘটনা ঘটেছে। মৃত কোনাই গোলদার ও ছবি বিবির ছেলেরা সন্ত্রাসী দিয়ে জবর দখলের পাঁয়তারা করছে পৈত্রিকভাবে পাওয়া সাংবাদিক পরিবারের সাড়ে ১২ বিঘা সম্পত্তি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
পৌরসভার শিববাটী মৌজায় সাংবাদিক মিজানুর রহমানের পিতার নামীয় ৪ দশমিক ০৭ একর সম্পত্তি রয়েছে। ১৯৪৪ সাল থেকে তার দাদা, বাবা ও তারা বংশ পরম্পরায় প্রায় ৮০ বছর ভোগ দখল করে আসছেন। গত ১১ আগস্ট কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই সাংবাদিক পরিবারের ডিডকৃত জমিসহ ২০ বিঘা চিংড়ি ঘেরের যাবতীয় চিংড়ি, সাদা মাছ ও বাসার জিনিস পত্র লুটপাট করেছে। এ কারণে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে চিংড়ি ঘের মালিক খায়রুল, মিলন, সুমন ও শহিদুল ইসলাম জানান।
এ ব্যাপারে সাংবাদিক জিএম মিজানুর রহমান, তার ভাই অ্যাড.আমজদ হোসেন, ভাইপো মিলন ও খায়রুল ইসলাম প্রতিবাদ করলে তাদেরকে লাঞ্চিত করে ওই সন্ত্রাসীরা। নষ্ট করে দেয় দুটি মোবাইল ফোন। থানার জিডি, আদালতের রায়, ডিগ্রি ও নিষেধাজ্ঞা রয়েছে এ কথা বলতেই প্রতিপক্ষ পৌরসভার গোপালপুর গ্রামের নাছির গোলদার, সোবহান সরদার, ইউনুছ গোলদারা আদালতের রায় ও ডিগ্রি নিয়ে নানাভাবে কটাক্ষ, অবজ্ঞা করেন। এমন কী ১৪৫ ধারা উপেক্ষাও করেন তারা। তারা জানান, এক সময় এস এ রেকর্ডে কোনা গোলদারের নাম ছিল। তার ওয়ারেশ হিসেবে এ জমির মালিক তারাই। অথচ আদালতে রেকর্ড সংশোধনী মামলা করে ৫৪ ধারায় নামপত্তন করে খন্ড ক্ষতিয়ান করা। এর আগে বাটোয়ারা মামলা, নিষেধাজ্ঞা মামলায় প্রাথমিক ও চূড়ান্ত রায় ডিগ্রি রয়েছে মিজানুর রহমানদের পক্ষে।
এছাড়া প্রতিপক্ষ ছবি বিবি ডিগ্রি রদের মামলা করে পরাজিত হন। পরে আপিল করলে সেটাও খারিজ হয়। এই জমির কর খাজনা পরিশোধ রয়েছে মিজানুর রহমানদের পক্ষ থেকে। সর্বশেষ বিআরএস এর গেজেট পর্চাও আছে । কিন্ত তারা এসব অমান্য করে পেশীশক্তি প্রয়োগ করে ওই সম্পত্তি জবর দখলের পাঁয়তারা করছে সন্ত্রাসীরা। এদিকে সাংবাদিক পরিবারের ওপর হামলা, প্রকাশ্যে জীবন নাশের হুমকি দেওয়ার মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছেন।
এব্যাপারে সাংবাদিক মিজানুর রহমান জানান, ৮০ বছর ধরে দখলীয় সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে মৃত কোনাই গোলদার ও ছবি বিবির ছেলেরা সন্ত্রাসী দিয়ে ঘেরের লাখ লাখ টাকার সম্পদ লুটপাট ও ক্ষতি করছেন।
পাইকগাছা থানা ওসি জিয়াউর জানান, তিনি যতটুকু জানেন তাতে জমিতে প্রতিপক্ষদের থাকার কথা না। এব্যাপরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করা হয়েছে বলেও তিনি জানান।