পাইকগাছায় রাস্তায় কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় একটি নির্মাণাধীন পিচের রাস্তায় নিম্নমানের ইট,খোয়া ও বালি ব্যবহার করায় উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে,উপজেলার ঘোষাল-মটবাটী গ্রামের ভেতরে এক কিলোমিটার পিচের রাস্তায় প্রাথমিক কাজ শুরু হয়েছে। এক বছরের অধিক সময় পার হলেও কাজ শেষ হয়নি। রাস্তা খুঁড়ে রাখার ৮ মাস পরে তাতে কাদা মিশ্রিত বালি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি রাস্তায় ব্যবহার করা হচ্ছে খুবই নিম্নমানের ইটের খোয়া। শেডিউল অনুযায়ী কাজ করতে বললেও কাজে নিয়োজিত দায়িত্বরতরা কোন গুরুত্ব না দিয়ে ইচ্ছেমতো কাজ করছে বলে স্থানীয় ফারুখ হোসেন জানান । এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসারে দপ্তরে বুধবার সকালে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ঠিকাদার আছমত আলীকে বার বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জানান, কাজটা সাবলিজে অন্য কেউ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, যিনিই কাজ করুন তা সঠিকভাবে করতে হবে। নয়-ছয় করে কোন কাজ করা যাবেনা।