পাইকগাছায় রাস্তার মাঝখানে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

0

পাইকগাছা (খুলনা)সংবাদদাতা॥ পাইকগাছায় রাস্তা খুঁড়ে কাজ না করায় বৃষ্টির পানি জমে সেখানে খালের রুপ ধারণ করেছে। দু-মাসের অধিক সময় ভোগান্তিতে পড়ে দিশেহারা এলাকাবাসী শুক্রবার সকালে রাস্তার ওপর ধানের চারা রোপণ করছেন। দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ধানের চারা রোপণ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলার লতা ইউনিয়নের আঁধার মানিক থেকে পুতলাখালী পর্যন্ত ১১শ মিটার রাস্তা পাকা করার নামে খাল করে রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে সকল প্রকার যানবাহন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার লোক । গত দু-মাস এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। সোলিং রাস্তার ইট তুলে পিচের রাস্তা করার জন্যে মাটি কাটা হয়েছে। যা বৃষ্টির পানিতে খালের রুপ ধারণ করেছে। দ্রত রাস্তার কাজ শেষ করার দাবি জানালেও সংশ্লিষ্টদের কোন মাথাব্যথা না থাকায় রাস্তার মাঝখানে ধানের চারা রোপণ করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পুলকেশ মন্ডল বলেন, আড়াই মাস যাবৎ রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে। সাতক্ষীরা জেলার সোনালী কন্সট্রাকশনে স্বত্বাধিকারী আব্দুল হাকিম এ কাজটি করছেন। মোবাইল ফোন বন্ধ থাকার কারণে ঠিকাদারের মতামত দেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন,আমি ঠিকাদারকে দ্রত কাজ সম্পন্ন করার তাকিদ দিয়েছি।