পাইকগাছায় শ্রেণিকক্ষে গাঁজা সেবনকারী ১১ জন আটক অভিভাবকদের জিম্মায় ১০ শিক্ষার্থী, হাজতে ১

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় গত ২ দিনে ১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ ১১ জনকে জনতা ও পুলিশ আটক করেছে। আটকদের মধ্যে ১০ জন স্কুল শিক্ষার্থী। তারা শ্রেণিকক্ষে বসেই গাঁজা সেবন করছিল। স্থানীয়রা তাদের পুলিশে দেয়। এ ছাড়া আটক একজন গাঁজা ব্যবসায়ী রয়েছে, তাকে হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লস্কর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (১৮) বুধবার সকালে তার ৯ বন্ধুকে নিয়ে খড়িয়া বিনাপানি বিদ্যালয়ের কক্ষে গাঁজা সেবন করছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫শ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশে সোপর্দ করা হয়। বয়স কম ও নবম-দশম শ্রেণিতে লেখাপড়া করায় তাদেরকে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, তিনজন ইউপি সদস্য ও অভিভাকদের জিম্মায় দেয়া হয়েছে বলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান।
যাদেরকে জিম্মায় ছাড়া হয়েছে তারা হলো, খড়িয়ার রিয়াজ গাজী, রাফি মিস্ত্রী, এনামুল গাজী, অপু সরকার, তৈয়েবুর রহমান, সুমন আহম্মেদ, রেজা আহম্মেদ শান্ত, নয়ন ও ইমন। সকলের বয়স ১৪ থেকে ১৮ এর মধ্যে। অন্যদিকে রবিন বিশ্বাস (৪০) নামে এক জনকে গাঁজাসহ থানা পুলিশ আটক করেছে। সে গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মালোপাড়ার নকুল বিশ্বাসের ছেলে।
উপ-পুলিশ পরিদর্শক তাকবীর হোসাইন জানান, বোয়ালিয়া ব্রিজের উপর এক যুবক গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রিজের পূর্বপাড় সিঁড়ির নিচে থেকে রবিন বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, রবিন একজন মাদক ব্যবসায়ী, তাকে হাজতে পাঠানো হয়েছে। অন্য ধৃতরা গাঁজাখোর। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জনপ্রতিনিধি ও অভিভাকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।