খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার, ১ জন নিখোঁজ

প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ. তবে বিস্তারিত জানা যায়নি

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার শিশু নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ৪ বছর বয়সী অপর নাতি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সোনাডাঙ্গা কাঁচাবাজার সংলগ্ন দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলিতে শরিফুল ইসলামের বাড়ির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

খুলনায় ভাড়া বাসা থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার
নিহতদের এক জন- লোকসমাজ

নিহতরা হলেন বেবী বেগম (৬০) ও শামীম ব্যাপারী (১৩)। নিখোঁজ রয়েছে মোস্তাকিম ব্যাপারী (৪)।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

খুলনায় ভাড়া বাসা থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার,
খাটের নিচে মিলেছে এক জনের মরদেহ- লোকসমাজ

তিনি বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিখোঁজ শিশুর খোঁজ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।