পাইকগাছায় কপোতাক্ষের ভাঙনে নদীগর্ভে দেড় শতাধিক পরিবারের সম্পদ

0

জি.এম. মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙনে পাইকগাছা উপজেলার রাড়–লী জেলে পাড়ার দেড় শতাধিক পরিবার সহায় সম্পদ হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এখনও অবশিষ্ট যে ৪০টি পরিবার সেখানে বসবাস করছে, তাদের নির্ঘুম রাত কাটছে ভাঙন আতঙ্কে। টেকসই বাঁধ ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পূর্ব অনুমতি না নেয়ার অভিযোগে পন্ড করে দেয় প্রশাসন।
উপজেলার রাড়ুলী ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত জেলে পল্লী। বিগত ৪০ বছর ধরে সেখানে নদীভাঙন অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানান, দেড় শতাধিক পরিবারের সম্পদ সম্পত্তি নদের গর্ভে বিলীন হওয়ায় তারা চলে গেছে অন্য এলাকায়। আর এখনও সেখানে বাকি যে ৪০টি পরিরবার বসবাস করছে, তারা ভাঙন আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে।
জানা যায়, গত বছর জিও ব্যাগে বালি ভরে ভাঙনকুলে বাঁধ রক্ষা করা হয়। অভিযোগ রয়েছে, ঠিকাদার অল্প কিছু টাকা খরচ করে দায়সারা কাজ করেন। এদিকে টেকসই বেড়িবাঁধ, নদীভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন করার দাবিতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য শুক্রবার কয়েক শ লোক হাজির হলে পুলিশ তা পন্ড করে দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন,অনুমতি ছাড়াই মানববন্ধন করার উদ্যোগ নেয়ায় তা বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার মজিদ বলেন, কপোতাক্ষ নদের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দুটি মন্দিরসহ বেশ কিছু প্রতিষ্ঠান ও দেড় শতাধিক পরিবার এলাকা ছাড়া হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জানান, ২০১০-২০ অর্থ বছরে বোর্ড কর্তৃপক্ষের নকশা অনুযায়ী ৭০ মিটার ভাঙনে জিও ব্যাগ দেয়ার জন্য ২২ লাখ টাকা ও ২০১৮- ১৯ অর্থ বছরে ২৯০ মিটার কাজের জন্য ২৩ লাখ টাকা বরাদ্দ হয় । আগামীতে টেকসই বাঁধের জন্য চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে।