নড়াইল ও চুয়াডাঙ্গায় সড়কে নিহত ৩

0

নড়াইল ও চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ বৃ্হস্পতিবার সড়ক দুর্ঘটনায় নড়াইল ও চুয়াডাঙ্গায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে নড়াইলে দুই মোটরসাইকেল আরোহী ও চুয়াডাঙ্গায় এক জন আইনজীবী রয়েছেন। নড়াইলে সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় মাগুরা সড়কে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাদশা শেখ (৪৫) ও আরোহী মাদ্রাসা ছাত্র আলীম পরীক্ষার্থী কাফিল শেখ (২৪) নিহত হয়েছেন। নিহত বাদশা শেখ জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে ও কাফিল শেখ একই গ্রামের ছবুর শেখের ছেলে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে নড়াইল থেকে মিঠাপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অপরদিকে চুয়াডাঙ্গায় শহরতলীর দৌলাৎদিয়াড়ে ইজিবাইকের ধাক্কায় জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর হোসেন (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চুয়াডাঙ্গার ঘোড়ামারা সেতুর কাছে পৌঁছুলে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর হোসেন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্যে সদর উপজেলার শহরতলী দৌলাৎদিয়াড় গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। রাস্তা পার হয়ে মসজিদের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পান। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। আহত আইনজীবী মঞ্জুর হোসেনকে রাজশাহী নেয়ার পথে শহরের ঘোড়ামারা সেতুর কাছে পৌঁছুলে তিনি মারা যান।