নড়াইলে স্কুলছাত্রীর শ্লীলতাহানী, শিক্ষক সুকান্ত গোস্বামী গ্রেফতার

0

নড়াইল অফিস ॥ নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানী করার অভিযোগে  স্কুলের সহকারী শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীকে (৪০) বৃহস্পতিবার তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। সদর থানায় মামলা দায়ের করা মামলায় তাকে আটক করে পুলিশ । ওই  ঘটনার পর অভিযুক্ত স্কুলশিক্ষক বিষয়টি নিয়ে কাউকে জানাজানি কিংবা বাড়াবাড়ি না করার জন্যে ওই ছাত্রীর মা ও স্বজনদের হুমকি দিয়েছেন।এ নিয়ে মামলা করলে পরিণতি ভালো হবে না বলে শাসানো হয়েছে। শিক্ষক সুকান্তকে গ্রেফতারের পর তার স্বজনরা নানা কৌশল এঁটে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার হাতিয়াড়া গ্রামের নিরোধ গোস্বামীর ছেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী স্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রীকে গত ১৮ জানুয়ারি বিকেল ৩টার দিকে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের দ্বিতীয় তলার ২নং শ্রেণিকক্ষে নিয়ে যান। মেয়েটি সরল বিশ্বাসে ওই রুমে গেলে শিক্ষক সুকান্ত ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন।মেয়েটি কান্নাকাটি ও চিৎকার করে ঘটনার প্রতিবাদ করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেন শিক্ষক সুকান্ত।ঘটনা উল্লেখ করে ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে গত ২৬ জানুয়ারি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১০ ধারায় মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তুলারামপুর-শেখহাটি সড়কে এলাকার শ শ নারী-পুরুষ ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সুকান্ত গোস্বামীর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকার নারী ও পুরুষরা ঝাড়ু মিছিল বের করেন।
গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান,ভুক্তভোগী ওই মেয়ের মা গত ২২ জানুয়ারি ঘটনা উল্লেখ করে শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী বিরুদ্ধে অভিযোগ দাখিলের পর শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করেছি।উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত মঙ্গলবার স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সহকারী শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান,এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।