নড়াইলে পিটিয়ে হত্যা

0

নড়াইল ও লোহাগড়া সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়ায় প্রতিবেশীর রডের আঘাতে সিরাজুল ইসলাম মোল্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল রায়গ্রামের মোকাদ্দেশ মোল্যা ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্যে স্থানীয় আলীগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী গফফার মোল্যার ছেলে শান্তর সাথে মহব্বতের বাকবিতন্ডা হয়।
বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বতের পিতা সিরাজুল মোল্যা প্রতিবেশী শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। হঠাৎ শান্তসহ তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে সিরাজুলের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করেন। গুরুতর আহত সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।