নড়াইলে নিখোঁজের ৫দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের কালিয়া উপজেলার পাটনা স্লুইসগেট সংলগ্ন চিত্রা নদী (বানকানা) থেকে মঙ্গলবার নিখোঁজ ব্যবসায়ী ইসহাক মোল্যার (৭৫) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ ।মঙ্গলবার সকালে স্লুইসগেটের নিচে ফুলে-ফেঁপে উঠা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে উপজেলার বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থনে গিয়ে লাশটি উদ্ধার করে।পরে নিখোঁজের স্বজনরা লাশটি শনাক্ত করে। মৃত ব্যবসায়ী ইসহাক মোল্যা উপজেলার বড়দিয়া বাজারের গুড় ব্যবসায়ী এবং জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম মোল্যার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি সকালে স্ত্রীর নিকট থেকে ৪০-৪৫ হাজার টাকা নিয়ে বড়দিয়া বাজারে নিজ দোকানে যান ইসহাক মোল্যা। ব্যবসায়িক কাজ সেরে তিনি আর বাড়িতে ফেরেননি।ওইদিন বিকেলে তাকে উপজেলার মাউলি ইউনিয়নের মহাজন ঘাট এলাকায় চা খেতে দেখা গেছে বলে নিহতের পরিচিতজনেরা জানিয়েছেন। নিখোঁজের পর তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
তারা আরো জানায়,উপজেলার চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তার টাকার লেনদেন ছিল। কয়েকদিন আগে তাদের অনেকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। স্বজনদের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেন ।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘লাশটি ফুলে-ফেঁপে গেছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে।সুরতহালের সময় গায়ের কাপড় তল্লাশি করে একটা টুপি ছাড়া কিছুই পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন,এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।নিহত ব্যবসায়ীর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।