নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি

0
ছবি: সংগৃহীত।

সুলতান মাহমুদ, নড়াইল ॥ নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি বোরো ধান বিক্রি করতে পারছেন কৃষকরা। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের নিয়মিত তদারকির কারণে লটারিতে নির্বাচিত কৃষকরা খাদ্য গুদামে এসে ধান বিক্রি করছেন। বাজার দর থেকে সরকারিভাবে ধানের দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির জানান,লটারিতে নির্বাচিত প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। ধান ক্রয়ে যাতে সিন্ডিকেশন না হয় সে ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা চাই প্রকৃত কৃষকরাই যেন তাদের কষ্টের ফসল সরকারের কাছে উপযুক্ত দাম দিয়ে বিক্রি করতে পারেন।

নড়াইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ বলেন, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪শ ৩০ মেট্রিক টন।

সরকারিভাবে খাদ্য গুদামে গিয়ে ধান বিক্রির জন্যে লটারির মাধ্যমে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮শ ১২জন কৃষক নির্বাচিত হয়েছেন। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন।